শুত্রুবার |
ঢাকা ২৭ নভেম্বর ২০০৯ |
১৩ অগ্রহায়ণ ১৪১৬ |
৯ জিলহজ ১৪৩০
অনলাইন

ব্যক্তি সচেতনতাও অপরিহার্য উপাদান হিসেবে বিবেচ্য
অনলাইন প্রতিবেদক
নিওস্টার অ্যালায়েন্স (এনএসএ) গত ১৮ নভেম্বর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে পরিবেশবান্ধব প্রযুক্তির ওপর সেমিনার আয়োজন করে। সেমিনারটির মূল উদ্দেশ্য পরিবেশবান্ধব প্রযুক্তির গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা ছাড়াও শিক্ষার্থীদের মধ্যে বিষয়টি সম্পর্কে সচেতনতা তৈরি করা। উদ্যোগটির সহযোগী প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান অ্যাক্সসিস টেকনোলজিস। সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের কনসালট্যান্ট মুনির হাসান। তিনি তার বক্তব্যে বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহারে প্রয়োজন সচেতন দৃষ্টিভঙ্গি। দেশে মোবাইল ভোক্তাদের সংখ্যা দিন দিন বাড়ছে। অনেকের দ্রুত মোবাইল সেট পরিবর্তনের অভ্যাস আছে। ক্রমবর্ধমান মোবাইল ফোনের ব্যবহার প্রাত্যাহিক বিদ্যুতের চাহিদায় বহুমুখী চাপ সৃষ্টি করছে। অন্যদিকে দ্রুত সেট পরিবর্তনের ফলে তৈরি হচ্ছে ই-ওয়েস্ট বা ই-বর্জ্য। বাংলাদেশ মূলত কৃষিপ্রধান দেশ। কৃষিতে সেচের জন্য প্রচুর বিদ্যুতের প্রয়োজন। আর তাই সৌর বিদ্যুতের মাধ্যমে সেচ কার্যক্রমকে পরিচালনা করার কথা ভাবতে পারি। সরকার ডিজিটাল বাংলাদেশ নিয়ে জোরালোভাবে ভাবছে। কিন্তু একে বাস্তবে রূপ দিতে প্রয়োজন তথ্যপ্রযুক্তির শিক্ষাকে প্রান্তিক মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া। বাংলাদেশের সীমিত অর্থনৈতিক সামর্থ্যে এমন কিছু প্রযুক্তিকে গুরুত্ব দিতে হবে যা টেকসই, পরিবেশবান্ধব ও সহজেই স্থাপনসহ রক্ষণাবেক্ষণ করা যায়। অ্যাক্সসিস টেকনোলজিস যে এনকম্পিউটিং প্রযুক্তির কথা জানাচ্ছে তা দেশের প্রত্যন্ত অঞ্চলে তথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের প্রধান বক্তা অ্যাক্সসিস টেকনোলজিসের পরিচালক মুবিন সদরউদ্দিন এনকম্পিউটিং প্রযুক্তি বিষয়ে তার বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, বর্তমানে এমন কিছু প্রযুক্তি নিয়ে চিন্তা করতে হবে, যা বিদ্যুৎ সাশ্রয়ী, সহজে ব্যবহারযোগ্য ও পরিবেশ সহায়ক। এনকম্পিউটিং এমন এক ধরনের প্রযুক্তি নিয়ে এসেছে যা বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। বর্তমানে কমবেশি শিক্ষিত ব্যক্তি মাত্রই কম্পিউটার ভোক্তা। কিন্তু ব্যবহৃত কম্পিউটারের অধিকাংশ রিসোর্চ অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। এনকম্পিউটিং ডেস্কটপ ভার্চুয়ালাইজেশনের মাধ্যমে একটি কম্পিউটার রিসোর্চকে অনেকের সঙ্গে শেয়ার করার সুযোগ দেয়। প্রযুক্তিটির মাধ্যমে খুব সহজে দেশের প্রত্যন্ত অঞ্চলে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা সম্ভব। এনকম্পিউটিংয়ের এল সিরিজ ও এক্স সিরিজ দুই ধরনের ডিভাইস আছে যা ব্যবহারের দিক থেকে অনেক বিদ্যুৎ সাশ্রয়ী। গ্রামাঞ্চলে প্রযুক্তিটির ব্যবহারে স্বল্প মূলধন ও বিদ্যুৎ খরচে বেকার যুবকরা কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে। সেমিনারে অন্য সবার মধ্যে এনএসএর সদস্য, এআইইউবির শিক্ষার্থী ছাড়াও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
রেটিং দিন :
( এই লেখাটি পড়েছেন : ৭০০ জন )
সম্পাদক: গোলাম সারওয়ার
প্রকাশক : এ.কে.আজাদ, ১৩৬, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮
ফোন : ৮৮০২-৯৮৮৯৮২১, ৮৮০২-৯৮৮৭০৫, ৯৮৬১৪৫৭, ৯৮৬১৪০৮, ৮৮৫৩৯২৬ ফ্যাক্স : ৮৮০২-৮৮৫৫৯৮১, ৮৮৫৩৫৭৪
ই-মেইল : info@samakal.com.bd
প্রকাশক : এ.কে.আজাদ, ১৩৬, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮
ফোন : ৮৮০২-৯৮৮৯৮২১, ৮৮০২-৯৮৮৭০৫, ৯৮৬১৪৫৭, ৯৮৬১৪০৮, ৮৮৫৩৯২৬ ফ্যাক্স : ৮৮০২-৮৮৫৫৯৮১, ৮৮৫৩৫৭৪
ই-মেইল : info@samakal.com.bd
Powered By:orangebd

