ওটিসি মার্কেটে শেয়ার লেনদেন শুরু
সমকাল প্রতিবেদক
জমে উঠতে শুরু করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওটিসি (ওভার দ্য কাউন্টার) নামের বিকল্প বাজার। এরই মধ্যে এ বাজারে শেয়ার লেনদেনও সম্পন্ন হয়েছে। বেশকিছু কোম্পানির শেয়ার বিক্রির আদেশ জমা রয়েছে এ বাজারে। তবে এখনও ক্রেতা না থাকায় সেসব কোম্পানির শেয়ার লেনদেন হয়নি। গত ৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ডিএসইতে ওটিসি নামের আলাদা একটি বাজার চালু হয়। নিয়মিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) করে না এবং বিনিয়োগকারীদের কোনো ধরনের লভ্যাংশ দেয় না এ রকম ৫১টি কোম্পানিকে ওটিসি বাজারে লেনদেনের জন্য স্থানান্তরিত করা হয়।
ডিএসই সূত্রে জানা গেছে, ওটিসি বাজারে প্রথম লেনদেনটি সম্পন্ন হয় গত ২২ অক্টোবর। ওইদিন ওটিসি বাজারে মডার্ন সিমেন্টের চার হাজার শেয়ার বিক্রি হয়। সেদিন ওই কোম্পানির প্রতিটি শেয়ার বিক্রি হয় ১৫ টাকা দরে। এরপর ওটিসি বাজারে দ্বিতীয় লেনদেনটি সম্পন্ন হয় ৩ নভেম্বর। ওইদিন ওটিসি বাজারে স্থানান্তরিত আশরাফ টেক্সটাইলের এক হাজার শেয়ার লেনদেন হয়। প্রতিটি শেয়ার বিক্রি হয় ১৪ টাকা ৩০ পয়সা দরে। আর তৃতীয় লেনদেনটি সম্পন্ন হয়েছে ৯ নভেম্বর। একই দিন আবারও লেনদেন হয় আশরাফ টেক্সটাইলের ৩০০ শেয়ার। প্রতিটি শেয়ারের দাম ছিল ১৪ টাকা।
এদিকে, বর্তমানে ওটিসি মার্কেটে স্থানান্তরিত ৫১টি কোম্পানির মধ্যে ১৩টি কোম্পানির শেয়ারহোল্ডাররা বাজারে তাদের ৩১টি বিক্রির আদেশ দিয়ে রেখেছে। এসব আদেশের মাধ্যমে কোম্পানির শেয়ারহোল্ডাররা প্রায় ৫১ হাজার শেয়ার বিক্রির আগ্রহ প্রকাশ করেছেন। বিক্রি আদেশের পাশাপাশি নিয়ম অনুযায়ী প্রতিটি শেয়ারের বিক্রয় মূল্যও জমা দেওয়া হয়েছে।
জানা গেছে, বর্তমানে ওটিসি বাজারে সেসব কোম্পানির শেয়ার বিক্রির আদেশ বোর্ডে ঝুলানো রয়েছে সেগুলো হচ্ছে_ এক্সেলসিওর সু, তমিজউদ্দিন টেক্সটাইল, মডার্ন সিমেন্ট, আশরাফ টেক্সটাইল, বেঙ্গল বিস্কুট, রোজহেভেন বলপেন, গচিহাটা অ্যাকুয়াকালচার, আল-আমিন কেমিক্যাল, ঈগল স্টার টেক্সটাইল, বেঙ্গল ফাইন সিরামিক, ডায়নামিক টেক্সটাইল, ম্যাক এন্টারপ্রাইজেস ও বাংলাদেশ কেমিক্যাল।
এসব কোম্পানির মধ্যে সর্বোচ্চ সংখ্যক শেয়ার বিক্রির অর্ডার জমা পড়েছে মডার্ন সিমেন্টের। কোম্পানির শেয়ারহোল্ডাররা ৭টি আদেশের মাধ্যমে মোট ২৮ হাজার ৫০০ শেয়ার বিক্রির আগ্রহ প্রকাশ করেছেন। এসব আদেশে প্রতিটি শেয়ারের বিক্রয় মূল্য সর্বনিম্ন ১২ টাকা থেকে সর্বোচ্চ ১৫ টাকা। সর্বশেষ ২২ অক্টোবর কোম্পানিটির প্রতিটি শেয়ার ১৫ টাকায় বিক্রি হলেও অনেক বিনিয়োগকারী তার চেয়েও কম দামে শেয়ার বিক্রি করতে চাচ্ছেন।
এছাড়া আশরাফ টেক্সটাইলের ১৩ হাজার ৭০০ শেয়ারের প্রতিটি সর্বনিম্ন ১৩ টাকা ৯০ পয়সা থেকে সর্বোচ্চ ২০ টাকা, এক্সেলসিওর সু'র ৪৫০টি শেয়ারের প্রতিটি সর্বনিম্ন ৬৬ টাকা থেকে সর্বোচ্চ ৭৫ টাকা, তমিজ উদ্দিন টেক্সটাইলের ১০০ শেয়ারের প্রতিটি ৭৭ টাকায়, বেঙ্গল বিস্কুটের ১৪৮০টি শেয়ারের প্রতিটি ১৫০ টাকা, রোজহেভেনের ২ হাজার শেয়ারের প্রতিটি সর্বনিম্ন ২০ থেকে সর্বোচ্চ ২৫ টাকা, গচিহাটার ৫০০ শেয়ারের প্রতিটি ৮২ টাকা ২৫ পয়সা, আল-আমিন কেমিক্যালের ৩ হাজার শেয়ারের প্রতিটি ১৫ টাকা, ঈগল স্টার টেক্সটাইলের ৪০০ শেয়ারে প্রতিটি ৯ টাকা ৯০ পয়সা, বেঙ্গল ফাইন সিরামিকের ৫০ শেয়ারের প্রতিটি ৬০ টাকা, ডায়নামিক টেক্সটাইলের ২০টি শেয়ারের প্রতিটি ৫২ টাকা, ম্যাক এন্টারপ্রাইজেসের ৮০০ শেয়ারে প্রতিটি ৩৭ টাকা ও বাংলাদেশ কেমিক্যালের ২০০ শেয়ারের প্রতিটি ৫৩ টাকা ৭৫ পয়সা দরে বিক্রির আদেশ দেওয়া হয়েছে।
 
Editor: Golam Sarwar
Published By: A.K. Azad, 136, Tejgaon Industrial Area, Dhaka - 1208, Phone: 8802-9889821,8802-988705, 9861457, 9861408, 8853926 Fax: 8802-8855981, 8853574, E-mail: info@samakal.com
If you feel any problem please contact us at: webinfo@samakal.com
Powered By:orangebd