জেলা-উপজেলায় বিএনপির সম্মেলন
সমকাল ডেস্ক
কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সমকাল প্রতিনিধিদের পাঠানো খবর :
ভূঞাপুর (টাঙ্গাইল) : উপজেলা বিএনপির সম্মেলন হট্টগোলের মধ্য দিয়ে বৃহস্পতিবার স্থানীয় শহীদ জিয়া মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের কণ্ঠভোটে উপজেলা বিএনপির মোঃ রমজান আলী সভাপতি এবং অ্যাডভোকেট গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কমিটি ঘোষণার পর উপজেলা বিএনপির এক সভাপতি পদপ্রার্থী গোপন ভোটের দাবি উত্থাপন করলে হট্টগোল সৃষ্টি হয়।
সৈয়দপুর (নীলফামারী) : অনেকটা ঘরোয়া পরিবেশে বৃহস্পতিবার সৈয়দপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহীদ ডা. জিকরুল হক সড়কের দলীয় কার্যালয়ে এই সম্মেলনে অধ্যক্ষ আবদুল গফুর সরকারকে সভাপতি এবং অধ্যক্ষ আমজাদ হোসেন সরকারকে সাধারণ সম্পাদক করে সৈয়দপুর জেলা বিএনপির কমিটি গঠন করা হয়। এর আগের দিন গত বুধবার বিএনপির সৈয়দপুর উপজেলা ও পৌর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে রফিকুল ইসলামকে সভাপতি ও শহীদুল হক বাবলুকে সাধারণ সম্পাদক করে উপজেলা এবং আশরাফুল হক বাবুকে সভাপতি ও শামসুল আলমকে সাধারণ সম্পাদক করে পৌর বিএনপির কমিটি গঠন করা হয়।
ঈশ্বরদী : উপজেলা বিএনপির পাল্টা কমিটি গত মঙ্গলবার গঠন করা হয়েছে। তোরাব আলী বিশ্বাসকে সভাপতি এবং আতিয়ার রহমানকে সাধারণ সম্পাদক করে ঈশ্বরদী উপজেলা বিএনপির এই পাল্টা কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, প্রায় ১ মাস আগে শামসুদ্দিন আহমেদকে সভাপতি এবং আলাউদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক করে উপজেলা বিএনপির একটি কমিটি গঠন করা হয়।
পাঁচবিবি (জয়পুরহাট) : উপজেলার বালিঘাটা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন গত বুধবার বিকেলে বীরনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আবদুস সোবহানকে সভাপতি এবং প্রভাষক সাইদুর রহমানকে সাধারণ সম্পাদক করে বালিঘাটা ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
বরিশাল ব্যুরো : বরিশালের আগৈলঝাড়া ও বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। সম্মেলন শেষে আগৈলঝাড়া উপজেলা কমিটি গঠন করা হলেও বাকেরগঞ্জ উপজেলা কমিটি গঠন প্রক্রিয়া চলছিল। আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আঃ লতিফ মোলল্গার বাড়িতে অনুষ্ঠিত সম্মেলনে আবদুল লতিফ মোল্লাকে সভাপতি ও এসএম আফজাল হোসেন সিকদারকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। এছাড়া বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা বিএনপির সম্মেলন সম্পন্ন হয়েছে নিরুত্তাপ পরিবেশে। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলনে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সৈয়দ ইফতেখার আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা শহীদ আবদুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।
বাঘা (রাজশাহী) : উপজেলা বিএনপির কাউন্সিলে সভাপতি পদে নুরুজ্জামান খান মানিক ও সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। দুটি পদে একাধিক প্রার্থী থাকায় ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন। কাউন্সিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আজিজুর রহমান।
দাকোপ (খুলনা) : উপজেলা বিএনপির সম্মেলন বৃহস্পতিবার চালনা প্রি-ক্যাডেট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনে আবুল খয়ের খান সভাপতি, অসিত কুমার সাহা সাধারণ সম্পাদক এবং আবদুল মান্নান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মাদারীপুর/শিবচর : জেলার শিবচর উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন বুধবার স্থানীয় মাদবরচর আরএম হাইস্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে নাজমুল হুদা চৌধুরী সভাপতিত্ব করেন। সম্মেলন শেষে নাজমুল হুদা চৌধুরী (মিঠু মিয়া) সভাপতি, মোঃ ফিরোজ হোসেন খানকে সাধারণ সম্পাদক করে শিবচর বিএনপির উপজেলা কমিটি গঠন করা হয়। পরে কবির গোমস্তাকে সভাপতি এবং মোঃ জহের গোমস্তাকে সাধারণ সম্পাদক করে পৌরসভা বিএনপির কমিটি গঠন করা হয়।
গৌরনদী : উপজেলার বার্থী ইউনিয়ন বিএনপির সম্মেলন বুধবার রাতে টরকি বন্দরের বার্থী ভবনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আবুল কালাম খানকে সভাপতি, বারেক সরদারকে সাধারণ সম্পাদক করে বার্থী ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়।
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : নবীনগর পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে মোঃ রফিকুল ইসলাম দেনু সভাপতি, গোলাম হোসেন খান টিটু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কালিয়া (নড়াইল) : উপজেলার দুটি থানা ও পৌরসভায় বিএনপির সম্মেলন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। কালিয়া থানায় বিশ্বাস জাহাঙ্গীর আলমকে সভাপতি, স.ম. ওয়াহিদুজ্জামান মিলুকে সাধারণ সম্পাদক, নড়াগাতি থানার মতিয়ার রহমান খানকে সভাপতি, ফয়সাল
রহমানকে সাধারণ সম্পাদক করে এবং কালিয়া পৌরসভায়, শেখ খলিলুর রহমানকে সভাপতি, ফারুক আহম্মেদকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
 
Editor: Golam Sarwar
Published By: A.K. Azad, 136, Tejgaon Industrial Area, Dhaka - 1208, Phone: 8802-9889821,8802-988705, 9861457, 9861408, 8853926 Fax: 8802-8855981, 8853574, E-mail: info@samakal.com
If you feel any problem please contact us at: webinfo@samakal.com
Powered By:orangebd